Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার উপনির্বাচনে প্রিসাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

বগুড়ার উপনির্বাচনে প্রিসাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রিসাইডিং অফিসার নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নিয়োগ পাওয়া কয়েকজন কর্মকর্তা একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

এমনটা দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

প্রার্থী লিখিত অভিযোগ উল্লেখ করেন, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। অভিযোগে নির্দিষ্টভাবে ১৪ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি নিয়াজ মো. নাসিরসহ জনতা, অগ্রণী, সোনালী ও রূপালী ব্যাংকের ১০ জন কর্মকর্তা এবং সরকারি আজিজুল হক কলেজের তিনজন শিক্ষকের নাম রয়েছে।

জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল তার অভিযোগে দাবি করেন, দলীয় মতাদর্শের ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে রাখা হলে ভোটের নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ারও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একইভাবে দলীয় ব্যক্তিদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান, জামায়াতে ইসলামীর প্রার্থী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম