Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি, মহাসড়ক অবরোধ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

আ.লীগের সাবেক এমপির ফিলিং স্টেশনের তেল গোপনে বিক্রি, মহাসড়ক অবরোধ

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনে রাতের আঁধারে গোপনে ২ হাজার ৬শ লিটার তেল বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা।

বুধবার বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী বর্তমানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ও দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও তেল না পেয়ে ভোক্তারা প্রতিবাদ জানিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে জানতে পেরে ইউএনও ফিলিং স্টেশনে যান।

সেখানে তদন্তে জানা যায়, ওই ফিলিং স্টেশনে আগের ৭০০ লিটার পেট্রল মজুত ছিল এবং গত ৬ এপ্রিল নতুন বরাদ্দের আরও তিন হাজার লিটার আনার পর মোট মজুদ দাঁড়ায় ৩ হাজার ৭শ লিটার। কিন্তু ডেলিভারি মেশিনের নজেল নষ্ট দেখিয়ে ওই পেট্রল সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রি বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

সরকারি বিধি অনুযায়ী, উপজেলা প্রশাসনকে জানিয়ে ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধানে তেল বিক্রি করতে হবে; কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তা না করে মঙ্গলবার রাতে গোপনে একসঙ্গে ২ হাজার ৬শ লিটার পেট্রল অন্যত্র বিক্রি করে দেয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার কারণে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেল নিয়ে কোনোরকম অবৈধ কারসাজি হলে প্রশাসন সেখানে কঠোর আইনগত হস্তক্ষেপ প্রয়োগ করবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম