মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ৩
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম
নাটোরের সিংড়ার চলনবিলের ঐতিহ্যবাহী তিশিখালী মাজার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ার চলনবিলের ঐতিহ্যবাহী তিশিখালী মাজারের তিনটি দানবাক্স (ভোল্ট) ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জয় আলী (২০), সোহবার আলীর ছেলে বিপ্লব (২২) ও শহীনের ছেলে শামীম হোসেন (২১)।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ৯ জনের নামে থানায় একটি চুরির মামলা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিশিখালী মাজার কমিটির সভাপতি ও ইউএনও আব্দুল্লাহ রিফাত ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মাজারের দানবাক্স ভেঙে এভাবে চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। চুরির টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

-69d675875c522.jpeg)