Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারের পর্যটন জোনে বন্ধুকে খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম

কক্সবাজারের পর্যটন জোনে বন্ধুকে খুন

কক্সবাজার শহরের পর্যটন জোনে মামলা সংক্রান্ত বিরোধের জেরে শওকত আলম (৩২) নামে এক ইজিবাইক চালককে খুন করেছে তার বন্ধু। মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে শহরের হোটেল-মোটেল জোন এলাকার সিলভার বে-রিসোর্টের সামনে সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শওকত আলম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আবু সিদ্দিক (৩৫) নিহতের বন্ধু এবং একই এলাকার ইমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শওকত ও সিদ্দিকের মধ্যে দুইজনের পরিবার দীর্ঘদিন ধরে একই এলাকায় বসবাস করত। সিদ্দিকের বিরুদ্ধে দুটি পৃথক অপহরণ মামলা রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

নিহতের স্ত্রী সূরা খাতুন ও পরিবারের অভিযোগ, ওই অপহরণ মামলাকে কেন্দ্র করে শওকত ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বের হন শওকত। রাত ১১টার দিকে পর্যটন জোনে পূর্ববিরোধের জেরে সিদ্দিক ও তার সহযোগীরা শওকতকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় এক যুবক শওকতকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন হত্যাকাণ্ডের প্রাথমিক কারণ মামলা সংক্রান্ত বিরোধ বলে জানিয়েছেন।

তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম