Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ধীরে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে ভোটার নেই

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম

বগুড়ায় ধীরে চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে ভোটার নেই

বগুড়ায় অনেক কেন্দ্রে ভোটার নেই। ছবি: যুগান্তর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ধীরে ভোটগ্রহণ চলছে। শুরুতে ভোটার উপস্থিতি খুব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে। কোনো কোনো কেন্দ্রে ভোটার লাইন দেখা গেলেও অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। তবে, শহরের বাইরের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ১৫০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, সুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই বগুড়া, সেউজগাড়ী জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনা জাহানা ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে প্রার্থীর কর্মীদের ভিড় থাকলে ভেতরে ভোটার উপস্থিতি কম। তাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়নি।

শহরের হাসনা জাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহমেদ আবদুল্লাহ জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৬৮২ জন। সকাল থেকে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। 

সকাল ১০টার দিকে পিটিআই বগুড়া কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। ২-১ জন করে ভোটার আসছেন ও ভোট দিয়ে চলে যাচ্ছেন। ভোটারদের লাইন নেই। প্রিসাইডিং অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, তার পুরুষ কেন্দ্রে ভোটার তিন হাজার ৪৬ জন। পুরুষ কেন্দ্রে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৭৫টি আবার মহিলা কেন্দ্রে ভোট পড়েছে ১৭৬টি।

শহরের সেউজগাড়ী জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মহিউদ্দিন জানান, এখানে মোট ভোটার দুই হাজার ৬৪৯ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭০টি।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, আসনের ১৫০টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন। সকাল ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে।

তিনি জানান, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার দুই লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে মোট ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি বুথ রয়েছে, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম