বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় মোট ১২ শিশুর মৃত্যু হলো।
মৃত ৫ মাসের ইমাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের ছেলে ও ৯ মাসের আবু সালেহ বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, সর্বশেষ মৃত দুই শিশু ইমাম গত ৬ এপ্রিল এবং ৯ মাসের আবু সালেহ ৭ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে শেবাচিম হাসপাতালে মোট তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির জানান, হাসপাতালে বর্তমানে ৯১ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন ভর্তি হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। এ পর্যন্ত এই হাসপাতালে মোট ৩১০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে; যা নিয়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক ৭৬ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং বিভিন্ন হাসপাতাল থেকে ৬২ জন ছাড়পত্র নিয়েছেন।
১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে এক হাজার ৮০ জন রোগীর হামের উপসর্গ দেখা দিয়েছে। যার মধ্যে বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন এবং এর মধ্যে ৫২ জন রোগীর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
