ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে নেত্রকোনা সদরের ৩ মাসের শিশুকন্যার মৃত্যু হয়। শিশুটি গত ১৭ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এছাড়াও একই দিনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮ মাসের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুটি ১৮ মার্চ হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ নতুন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ২৬ শিশু। বর্তমানে ৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৩৯ শিশু। এ পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই-একজন হামের লক্ষণ নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
