বৈষম্যবিরোধী হত্যা মামলায় ১ জন গ্রেফতার, ‘জুলাইযোদ্ধা’ বলে বৈছাআর’ সংবাদ সম্মেলন
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পিএম
সম্মেলনে বক্তারা বলেন, সাকিব সরকার সম্মুখসারির একজন জুলাইযোদ্ধা এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় মো. সাকিব হাসান ও তার বড় ভাই মো. নবীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় দাউদকান্দি শহীদ রিফাত বাবু পার্কে গ্রেফতারকৃতদের ‘জুলাইযোদ্ধা’ বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় নিজ বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাকিব সরকার রাব্বী (২৪) ও মো. নবীর হোসেন (৪৩) তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেন মেম্বারের ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈছাআ দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌরসভা আহ্বায়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক মো. ফয়সাল সিকদার, পৌরসভার মুখ্য সংগঠক মো. সাগর, সহ-সমন্বয়ক মো. ইমন মিয়া, যুগ্মআহ্বায়ক মো. সাইজুদ্দিন এবং মো. আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে সংঘটিত এক হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় সাকিব হাসানকে গ্রেফতার করা হয়েছে। সাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি নন এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া তার বড় ভাই নবীর হোসেন ঘটনার সময় বিদেশে অবস্থান করছিলেন বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাকিব সরকার সম্মুখসারির একজন জুলাইযোদ্ধা। আর সুলতান হত্যার ঘটনাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এটি স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে আমরা জেনেছি। মূলত, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে বাদী নিহত সুলতানের স্ত্রীর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রফাদফা হয়েছে বলেও আমরা জেনেছি। এই মামলার বাদীকে নিয়ে কিছু অভিযোগ আছে।
জুলাইযোদ্ধা গেজেট নিয়ে তারা বলেন, নিহত সুলতান বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো শহীদ না। তবে কে বা কারা কিভাবে তাকে জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছে জানি না। ওই গেজেটের বিরুদ্ধে আমরা অচিরেই রিট করব। আর বৈষম্যবিরোধী মামলায় দাউদকান্দিতে অনেককেই অহেতুক জড়ানো হয়েছে। তাদের অহেতুক হয়রানি না করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা এই গ্রেফতারের তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে সাকিব সরকার ও তার ভাই নবীর হোসেনের মুক্তির দাবী জানান।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ মাস পর নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি এমএ আব্দুল হালিম জানান, সুলতান হত্যা মামলায় সাকিব, নবীর হোসেন ও আ. কাদের জিলানী নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যা মামলার অভিযুক্ত আসামি। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

