Logo
Logo
×
   

সারাদেশ

মাদকের স্বর্গরাজ্য ভৈরবের পঞ্চবটিতে অভিযান, নারী কারবারি গ্রেফতার

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

মাদকের স্বর্গরাজ্য ভৈরবের পঞ্চবটিতে অভিযান, নারী কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে চলছে মাদকবিরোধী অভিযান। শহরের পঞ্চবটি এলাকাটি মাদক কেনাবেচার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সেখানে অভিযান চালিয়ে স্থানীয় মাদককারবারি লতিফা বেগমের (৫৮) বাসায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পঞ্চবটি এলাকায়। এ সময় ইয়াবাসহ হাতেনাতে লতিফাকে আটক করলেও তার ছেলে সাদ্দাম পালিয়ে যায়।

এছাড়াও ওই বাসা থেকে মাদকের ক্রেতা জিহাদ (১৯) ও জাকির হোসেনকে (২৬) তিন পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজাসহ আটক করে  ম্যাজিস্ট্রেট। পরে তাদের আনা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত হন ভূমি অফিসে।

তখন লতিফা বেগম ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হাতজোড় করে বলতে থাকেন- স্যার আমার দুই ছেলে ও স্বামী আক্কাছ মিয়া দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে। ব্যবসাটি অনেক লাভজনক। প্রতিটি ইয়াবা ১৫০ টাকায় কিনে আড়াইশ টাকায় বিক্রি করে। আমি ব্যবসায় জড়িত নই, ছেলে ও স্বামী মাদক ব্যবসা করে। তাই আমাকে জেল দিয়েন না।

আটককৃত মাদকের ক্রেতা জাকির হোসেন (২৬) চিৎকার করে বলতে থাকেন- আমি মাদক সেবন করি, আমার দুটি সন্তান আছে। স্যার আমি আর কখনো মাদক সেবন করব না। আমাকে সাজা দিয়েন না। আমি জেলে গেলে আমার বউ পোলাপান না খেয়ে মরবে। আমি অটোরিকশা চালিয়ে সংসার চালাই। এসব কথা বলতে বলতে কান্না করতে থাকে।

আরেক আটককৃত জিহাদ (১৯) বলেন, স্যার মাদক না সেবন করলে চলতে পারি না, শরীর কাঁপতে থাকে। এ নেশায় আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ করি। আমাকে ছেড়ে দেন। আর কখনো মাদক সেবন করব না।

এভাবেই মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তারা আকুতি-মিনতি করেও সাজা থেকে রেহাই পায়নি।

তাদের আকুতি আইনের কাছে গ্রহণযোগ্য নয়। মাদক ব্যবসা ও সেবন দুটিই অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাদক ব্যবসায়ী লতিফা বেগমকে ৬ মাসের সাজা প্রদানসহ ৮ হাজার টাকা জরিমানা করেন। মাদক সেবনকারী জিহাদকে ১ মাসের সাজা ও ১ হাজার ৮শ টাকা জরিমানা এবং জাকির হোসেনকে ১৫ দিনের সাজাসহ ১শ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, ভৈরবের পঞ্চবটি এলাকাটি মাদক কেনাবেচার বৃহৎ স্থান। এখানে প্রতিদিন লাখ লাখ টাকার মাদক বেচাকেনা হওয়ার অভিযোগ আছে। আজ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আমরা প্রতিদিন অভিযান করছি। মাদক প্রতিরোধে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, আটককৃত লতিফা বেগম মাদকের বড় ডিলার। তার ছেলেরাসহ স্বামী ব্যবসায় জড়িত। আজ হাতেনাতে মাদকসহ তাকে আটক করা হয়। এ সময় তার বাসায় মাদকসহ দুইজন ক্রেতাকে পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিজুল হক জানান, আজকের অভিযানে আমি ছিলাম। আটককৃত তিনজনই মাদককারবারি ও সেবনকারী। আইনের কাছে মানবিকতা ও আকুতির কোনো মূল্য নেই। অপরাধীকে শাস্তি দিতেই হবে। মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাদকের অভিযান চলবে। তিনজনই অপরাধী বলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .