শিক্ষকের ধর্ষণে শিশুছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, তদন্ত কমিটি গঠন
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩১ পিএম
আমান উল্লাহ সাগর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুশিক্ষার্থী শিক্ষকের ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী স্বাক্ষরিত মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- একাডেকিম সুপারভাইজার জোসনা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা হেপি আক্তার।
তিন কার্যদিবসে সরজমিনে পরিদর্শনপূর্বক ঘটনার তদন্ত প্রতিবেদন ওই কার্যালয়ে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ওই পত্রে বলা হয়, সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় প্রকাশিত কওমি মহিলা মাদ্রাসার পরিচালক কর্তৃক ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠে। বর্তমানে শিশুটি গর্ভবতী ও মৃত্যুঝুঁকিতে রয়েছে।
অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। আমান উল্লাহ ওই গ্রামের হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক ছিলেন।
বিষয়টি নিয়ে শিক্ষক আমান উল্লাহ সাগরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে আমান উল্লাহ সাগর নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ টেস্ট করার জন্য দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে উক্ত ঘটনা নিয়ে আমি একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছি। তিন কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। আমি ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। মেয়ে ও মেয়ের মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, মাদ্রাসাছাত্রী ছয় মাসের অন্ত:সত্ত্বা হলে মেয়েটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলার ১৩ দিন অতিবাহিত হলেও শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ নিয়ে ৪ মে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার ব্যক্তিগত ফেসবুক পেজে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।
শিশু অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক আমান উল্লাহ সাগরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছেন সর্বস্তরের জনগণ।
