পানিতে নেমে কৃষকের ধান কাটলেন এমপি সালাউদ্দিন আইউবী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫৪ পিএম
পানিতে নেমে কৃষকের ধান কাটলেন এমপি সালাউদ্দিন আইউবী
|
ফলো করুন |
|
|---|---|
কয়েক দিনের ভারি বৃষ্টির পানিতে কাপাসিয়ার নলী বিলে তলিয়ে যাওয়া অসহায় কৃষকের ধান কেটে দিলেন গাজীপুর-৪ আসনের এমপি সালাউদ্দিন আইউবী।
মঙ্গলবার উপজেলার চাঁদপুর ও দুর্গাপুর ইউনিয়নের মাঝখানে প্রবাহিত নলী বিলে নেতাকর্মীদের নিয়ে স্থানীয় কৃষক আল আমিনের স্বপ্নের বোরো ধান কেটে গোলায় তুলে দেওয়ার নেতৃত্ব দেন জামায়াতের আলোচিত তরুণ এমপি সালাউদ্দিন আইউবী।
সকাল সাড়ে ৮টায় তিনি চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও জামায়াতের যুব বিভাগের ২৫-৩০ জন নেতাকর্মীকে নিয়ে হাঁটু পানিতে নেমে ধান কাটা শুরু করেন এবং বেলা দেড়টা পর্যন্ত তিনি কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এসএম মাওলানা সোলায়মান, সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, স্থানীয় নেতা মাওলানা আনিছুর রহমান, শরীফুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁদপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতেখারুল আলম, সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম গালিব, যুবনেতা তানভীর আহমেদ, সাব্বির হোসেন প্রমুখ।
এদিকে হতদরিদ্র কৃষক আল-আমিনের পক্ষে শ্রমিকের মজুরি দিয়ে পানিতে তলীয়ে যাওয়া আধপাকা ধান কেটে বাড়িতে আনার সামর্থ্য না থাকায় দিশেহারা হয়ে পড়েন তিনি। এ অবস্থায় দ্রুত ধান কেটে না আনলে সব ফসলই নষ্ট হয়ে যেত।
এ অবস্থায় এমপি আইউবী নেতাকর্মীদের নিয়ে আল আমিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তাতে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সালাউদ্দিন আইউবী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক রাজনৈতিক সংগঠন। হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এ দলের ঐতিহ্য ও নৈতিক দায়িত্ব। উন্নত, আধুনিক ও একটি মানবিক কাপাসিয়া প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রাণভোমরা হলো কৃষক সমাজ। যেকোনো প্রকৃতির দুর্যোগ ও সমস্যায় তাদের পাশে থাকতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সাধারণ মানুষের জন্য ভবিষ্যতেও আমাদের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
