যশোর যুবদলের আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদ
যশোর ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৩৬ পিএম
যশোর যুবদলের আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
|
ফলো করুন |
|
|---|---|
বিভিন্ন গণমাধ্যমে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নামে মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার বিকালে প্রেস ক্লাব যশোরে জেলা যুবদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সব প্রকার অত্যাচার, হামলা, মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে ছিল। গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এ ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম তমাল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আমাকে (আনসারুল হক রানা) দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কুচক্রীমহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি দৈনিক যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতসহ গর্হিত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রচার করেছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ বিষয়ের সঙ্গে আমি বা যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নই।
বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতিবিবর্জিত পূর্বেই বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী ও তাদের দোসর এবং ফ্যাসিবাদী ঘরানার কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারাও তদন্ত করলে এর সত্যতা পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।
