টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগে দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- নগরীর ১৮ নম্বর দক্ষিণ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. ধুলু শেখ এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অব্যবহৃত মালামাল নিলামে বিক্রির টেন্ডার জমা দেওয়ার সময় এই দুই নেতার অনুসারীরা প্রকৌশল শাখা থেকে টেন্ডার বাক্স ছিনতাই করে ভবনের বাইরে নিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে পুলিশি পাহারা উপেক্ষা করে টেন্ডার বাক্সটি বাইরে নিয়ে যায়। এ সময় যুবদলের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বাক্সটি উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার পর একই দিন সন্ধ্যায় মহানগর যুবদলের পক্ষ থেকে দুই নেতাকে শোকজ করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। তবে সিসিটিভি ফুটেজে সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় জবাবের অপেক্ষা না করেই গভীর রাতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে তাদের বহিষ্কার করা হয়।
মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের সব পদ থেকে অপসারণ করা হয়েছে। তাদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না।
আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান জানান, টেন্ডার বাক্সটি দীর্ঘ সময় বাইরে থাকায় কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ারম্যান ঢাকায় থাকায় পরামর্শক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শাহ মখদুম থানার ওসি কবির হোসেন জানান, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-69fb50c049f41.jpg)