বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে ভোলায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
অমিতাভ অপু, ভোলা
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০২ পিএম
বিএনপি নেতাকে আটকের প্রতিবাদে ভোলায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন ফরাজীকে (৪২) আটকের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার জেলার প্রধান সড়কের বাংলাবাজার চৌরাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ।
অবরোধকালে জেলার ৭ উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগের দিন বিকালেও থানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান জাকির সমর্থিতরা।
এদিকে জাকিরের গ্রেফতারের প্রতিবাদ জানানোর পাশাপাশি মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ স্থানীয় বিএনপি নেতারা।
এদিকে জাকিরের অস্ত্রসহ গ্রেফতারের বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয়রা।
দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ মো. মনির জানান, জাকিরকে ফাঁসানোর জন্য একটি চক্র পুরাতন একটি অস্ত্র ও বস্তায় ভরে গাঁজা রেখেছে। জাকির কোনো মাদকের ব্যবসা করে না। আর এ ধনের অস্ত্র নিয়ে জাকির চলাচল করার কথাও নয়। বিষয়টি তদন্তের দাবি জানান বিএনপির ওই নেতা।
এদিকে মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে একটি পুরাতন অস্ত্র (পুরাতন কাঠে বাঁধা পাইপ গান), ৪ রাউন্ডগুলি ও ২ কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটকের বিষয়টি ওই এলাকায় গত দুই দিন ছিল টক অব দ্য জেলা।
এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ায় যোগ দেন দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও। দীর্ঘ ১৫-১৬ বছর ঢাকায় অবস্থান ও ব্যবসায় যুক্ত থাকা জাকিরের সঙ্গে এসব অস্ত্র ও মাদক সমর্থিত নয় এমন দাবি স্থানীয়দের। জাকির সমর্থিতরা বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের দাবি এটি সাজানো ঘটনা। ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ গ্রুপ অস্ত্র ও মাদক রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। জাকির বিরোধীরা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে ভাইরাল করেছে।
সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা চরফ্যাশনের বেতুয়াগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চযোগে জাকির বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার ভোরে জাকিরকে আটক করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন যুগান্তরকে দেওয়া তথ্যে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চে এক যাত্রী অবৈধ অস্ত্র ও মাদকের চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদে কোস্টগার্ডের অপারেশন টিম ভোর ৩টায় ইলিশা ঘাট থেকে ওই লঞ্চে অভিযান চালায়। এ সময় জেলা সদর থানার কোরালিয়া খায়েরহাট এলাকার মো. জাকির হোসেন নামের একজনকে আটক করা হয়। তার অবস্থান স্থল থেকে একটি কাঠের বাটের একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাকির মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের ১৭ বছর জাকির ঢাকায় অবস্থান করছিলেন। ঢাকায় টাইলস সিরামিকের ব্যবসা করছেন। শেখ হাসিনা সরকারের পতন হলে ৫ আগস্টের পর জাকির এলাকায় আসে ও ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
