Logo
Logo
×

সারাদেশ

পুলিশকে ঘেরাও করে আসামি ছিনতাই, পুরুষশূন্য চনপাড়া

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৯ পিএম

পুলিশকে ঘেরাও করে আসামি ছিনতাই, পুরুষশূন্য চনপাড়া

পুলিশকে পিটিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের (বহিষ্কৃত) সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে (৪২) ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে চনপাড়া (বস্তি) পুনর্বাসন কেন্দ্র এলাকা। শামীম মিয়া হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার আসামি।

চনপাড়ার বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছে। বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ।

বুধবার (৬ মে) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া শামীম মিয়াকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা যায়নি লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন।

এদিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারিকাজে বাধা প্রদান ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ব্যবসায়ী আলী আজগর বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হোক। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।

চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সব সময় ভয়ে থাকি। এখনো আতঙ্ক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই।

গৃহবধূ সালমা বেগম বলেন, ব্যবসায়িক কাজে আমার স্বামী ঢাকায় ছিল। তিনি হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া শামীম মিয়ার সমর্থকও নয়। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই; কিন্তু ঢাকায় অবস্থান করেও পুলিশের করা মামলায় আমার স্বামী আসামি হয়েছে; যা খুবই দুঃখজনক। সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। অপরাধ না করে কেউ যেন হয়রানির শিকার না হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গত ৫ মে মঙ্গলবার ভোর ৫টার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে। শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সঙ্গে তারা হাতাহাতি করে।

তিনি বলেন, শামীম মিয়ার অনুসারী ও দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোনসহ আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পেশিশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম