Logo
Logo
×

সারাদেশ

ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: তারিকুল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৪৮ পিএম

ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: তারিকুল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়

এনসিপি মনোনীত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেছেন, রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টদের পতন ঘটলেও সেই বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সংস্কারের পথে না হেঁটে পুরোনো ধারা অনুসরণ করছে। শাসন কাঠামোর মৌলিক পরিবর্তন না করে সেটিকে আরও শক্তিশালী করা হচ্ছে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো বহাল থাকলে যেই প্রধানমন্ত্রী হবেন, তিনি অতীতের মতোই ক্ষমতার অপব্যবহার করবেন। তাই ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা ও মহানগর এনসিপির কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়ন, কুমিল্লা নগরীর জননিরাপত্তা ও জলাবদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা নগরীর জলাবদ্ধতা ও কিশোর গ্যাং সমস্যা মূলত রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সদিচ্ছার অভাবে কিশোর গ্যাং আজ মহামারী আকার ধারণ করেছে। নগরীর কিশোররা অপরাধচক্রে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে এসব গ্যাংকে ব্যবহার করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের অবিলম্বে সরে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় এনসিপি কুমিল্লা মহানগর, ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম