Logo
Logo
×
   

সারাদেশ

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান!

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

বিএনপি অফিসে ‘জয় বাংলা’ স্লোগান!

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি অফিসে বসে এক যুবকের ‘কিসের জামায়াত, কিসের বিএনপি, কিসের এনসিপি; আমরা তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি অফিসে কয়েকজনের উপস্থিতিতে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত অন্যদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি প্রকাশের পর মাদ্রাজ ইউনিয়ন ছাত্রনেতাসহ এলাকাবাসী বিষয়টি অভিযুক্ত রাহায়ন (১৭) ও আরিফের (১৬) কাছে জানতে চাইলে তারা জানান, নুর আলম মুন্সি ও জামাল নামের দুই ব্যক্তি ভিডিওটি ধারণ করতে উৎসাহিত করেন এবং ভিডিও করার জন্য টাকা দেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় মাদ্রাজ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান বাদী হয়ে চরফ্যাশন থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মী ও এলাকাবাসী অভিযুক্ত রাহায়ন, আরিফ, অজিউল্লাহ ও আলউদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন বলে জানা গেছে। 

চরফ্যাশন থানার ওসি মাহমুদ-আল-ফরিদ ভুইয়া এ ঘটনায় সত্যতা স্বীকার করেছেন। 

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

চরফ্যাশন উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর জানান, ভিডিওটি প্রকাশের পর আমরা তা দেখে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে প্রশাসনকে জানিয়েছি।  

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .