Logo
Logo
×

সারাদেশ

সিলেটে টাকা আত্মসাতের অভিযোগে কনসালটেন্সি প্রতিষ্ঠানের মালিক আটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

সিলেটে টাকা আত্মসাতের অভিযোগে কনসালটেন্সি প্রতিষ্ঠানের মালিক আটক

বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ‘এমেক্স অ্যাসোসিয়েট’ নামের একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে জামিন আবেদনের জন্য সিলেট আদালতে উপস্থিত হলে ভুক্তভোগীরা ইমন উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিলেট নগরীর উপশহর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মাধ্যমে কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিও প্রচার এবং ‘মাত্র ১ হাজার টাকায় ভিসা’—এ ধরনের আকর্ষণীয় অফারের মাধ্যমে সহজ শর্তে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হতো।

অভিযোগে আরও জানা যায়, প্রায় ৭০০ তরুণ-যুবকের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ৫ লাখ টাকা করে অন্তত ৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন ইমন উদ্দিন ও তার সহযোগীরা।  প্রতারণার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গত ১৯ মে অভিযুক্তরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা ঝুলিয়ে এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান।

পরে এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নজরে এলে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, আদালত প্রাঙ্গণ থেকে ভুক্তভোগীরা ইমন উদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বুধবার তাকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম