গোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটক
গোমস্তাপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর রেললাইনের পাশে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকার ৫ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার সময় স্থানীয় লোকজন অভিযুক্ত কিশোরকে আটক করেন। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের মামাতো–ফুপাতো ভাইবোন বলে জানা গেছে।
বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এ অপচেষ্টায় লিপ্ত হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ওই কিশোর। পরে স্থানীয়রা তাকে ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি গোমস্তাপুর থানা পুলিশকে জানানো হলে বিকালে পুলিশ তাকে থানায় নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান একেএম মাসুম।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
