গোয়ালন্দের সেই বিএনপি নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খানকে দল থেকে বহিষ্কারের মৌখিক নির্দেশ দিয়েছেন রাজবাড়ীর-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, আইয়ুব খানের ভাঙারির দোকান হতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের চুরি হয়ে যাওয়া মালামালসহ বিদেশি মদ উদ্ধারের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এসেছে। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলায় আইয়ুব খান, তার দুই ছেলে আরিফ ও অনিক এবং শ্যালক হালিমসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়।
এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হচ্ছে।
এমতাবস্থায় সোমবার রাজবাড়ী হতে ঢাকা যাওয়ার পথে ফেরির মধ্যে তিনি আইয়ুব খানকে বহিষ্কার করার মৌখিক নির্দেশ দেন। এ সময় স্থানীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো. মোহন মণ্ডল জানান, বহিষ্কারের চিঠি প্রস্তুত করা হচ্ছে। আগামী বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে তাকে এ নোটিশ দেওয়া হবে।
এর আগে গত রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব খানের ছেলের নামে থাকা ভাঙারির দোকানে অভিযান পরিচালিত হয়। সেই সময় তিন বোতল বিদেশি মদসহ ইউনিয়ন ভূমি অফিসের চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
জানা গেছে, দৌলতদিয়া বেপারিপাড়ার বাসিন্দা পুলিশ সুপার আহাদের গ্রামের বাড়িতে চুরি যাওয়া মোটর উদ্ধার করা হয় তার এই ভাঙারির দোকান হতে। তাছাড়া সেখানে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মোটর, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল দেখতে পাওয়া যায়।
এদিকে গত ৩ দিন ধরে গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আইয়ুব খান ও তার দুই ছেলের কর্মকাণ্ড।
গত শুক্রবার রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য কেন্দ্র করে ইয়াকুব আলী পাল নামে এক বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করার মামলায় আইয়ুব খান, তার দুই ছেলে আরিফ ও অনিক এবং মেয়ে জামাই হুমায়ুনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া ইতিপূর্বে আইয়ুব খানের মাদকসহ পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা রয়েছে।
আগামী নির্বাচনে দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছিলেন আইয়ুব খান।
বহিষ্কারের বিষয়ে আইয়ুব খান যুগান্তরকে বলেন, ফেরিতে আমিও ছিলাম। প্রতিমন্ত্রী বলেছেন আপাতত সুলতান ডা. ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করুক। পরে বসে আমি বিষয়টি ঠিক করে দেব। মোহন মণ্ডল বানিয়ে বানিয়ে বাড়তি কথা ছড়াচ্ছেন।
