নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলের কারাদণ্ড
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১৮ পিএম
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১২ জেলের কারাদণ্ড। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে জারি থাকা ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি মাছ ধরার ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। একইসঙ্গে ১২ জন জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুন) গভীর রাতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় এফবি নাজমা-২ ট্রলারটিকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে বুধবার দুপুরে আটক ট্রলারসহ ১২ জন মাঝিমাল্লাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেন আদালত।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

