Logo
Logo
×

সারাদেশ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন: হুইপ দুলু

বক্তব্য দিচ্ছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  সরকার এ বিষয়ে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় নাটোর প্রেস ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাবের জন্য জমি ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিলেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাব বর্তমানে সুবর্ণজয়ন্তীর পথে এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদ-আপদে পাশে থাকতে চাই এবং তাদের আর্থিক অবস্থানকে আরও সুসংহত করতে চাই।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এসএম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আজিজুল হক টুকু, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ এবং স্থানীয় ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম