Logo
Logo
×

সারাদেশ

ব্রহ্মপুত্রে নিখোঁজ পলিটেকনিক ছাত্রের লাশ উদ্ধার

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:২২ পিএম

ব্রহ্মপুত্রে নিখোঁজ পলিটেকনিক ছাত্রের লাশ উদ্ধার

নিহত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোকরামিন হাসান রাফির (২৬)। ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোকরামিন হাসান রাফির (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) ভাংনামারী ইউনিয়নের বয়রাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফি উপজেলার বয়রা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

এর আগে, গতকাল বুধবার বিকালে তিন বন্ধু গোসল করতে নামলে রাফি নিখোঁজ হয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর অভিযান চালিয়েও রাফির কোনো খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ব্রহ্মপুত্র নদের বয়রাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে নদীর গভীর পানিতে চলে যান। পরে দুই বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাফি স্রোতের টানে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বৃহস্পতিবার সকালে বয়রাঘাট এলাকা থেকে রাফির লাশ উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম