Logo
Logo
×
   

সারাদেশ

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পরিবেশপ্রেমী নাগরিকদের নিয়ে হাত ধরাধরি করে একটি বৃক্ষের আদলে মানববৃক্ষ তৈরি করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে লিচুবাগানে মানববৃক্ষ তৈরি করেছে ‘ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন’।

শুক্রবার (৫ জুন) বেলা ১২টায় সংগঠনটি জেলার পরিবেশপ্রেমী নাগরিকদের নিয়ে হাত ধরাধরি করে একটি বৃক্ষের আদলে মানববৃক্ষ তৈরি করে।

মানববৃক্ষ কর্মসূচি থেকে লিচুবাগানের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ সময় পরিবেশবাদীরা স্লোগান দেন- ‘এক দফা এক দাবি—দুই কলেজ সরে যাবি’, ‘আমরা চাই, আমরা চাই—লিচুবাগান ফিরে চাই’।

গাছ লাগানোর উপযোগী সময় না হওয়ায় একটি লিচুগাছকে প্রতীক হিসেবে স্থাপন করা হয়। শিগগিরই লিচুসহ পরিকল্পিতভাবে বিভিন্ন জাতের গাছ রোপণের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের উপদেষ্টা মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, ইলিয়াস সিকদার ফরহাদ, সাকিনা আলম লীজা, ফাইয়াজ ইফতেখার রনি, সহসভাপতি আজমীর হোসেন তালুকদার, আ স ম মাহমুদুর রহমান পারভেজ, মুনশি রেজাউল হক আজিম এবং নির্বাহী সদস্য শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় ৫০ জন সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার।

ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, সারা দেশে সবুজ বেষ্টনীতে ঝালকাঠি জেলা এক নম্বরে রয়েছে, এটি ধরে রাখতে হবে। পরিবেশের বিরুদ্ধে যেকোনো উদ্যোগকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .