Logo
Logo
×
   

সারাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাসপাতালে সোলার প্যানেল

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাসপাতালে সোলার প্যানেল

ছবি: যুগান্তর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ সোলার প্যানেলটি স্থাপন করা হয়।

রোববার (৭ জুন) সকালে হাসপাতালে ভর্তি রোগীরা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সংকট রয়েছে। একটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় অস্থায়ী চালকের মাধ্যমে সেটি পরিচালনা করা হচ্ছে। এছাড়া হাসপাতালের পুরোনো সোলার প্যানেল প্রায় পাঁচ বছর ধরে অচল অবস্থায় রয়েছে। প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওয়ার্ডগুলোতে আলো ও বাতাসের সংকট দেখা দিত।  গরমের মধ্যে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হতো।

সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেন। পরে রোগীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে নতুন সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেন। হাসপাতালের অন্যান্য সমস্যার সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হাসপাতালে ভর্তি রোগী হোসনে আরা বলেন, হাসপাতালে ঘন ঘন বিদ্যুৎ চলে যায়। অনেক সময় অন্ধকারে থাকতে হয়। ফ্যান বন্ধ হয়ে গেলে গরমে খুব কষ্ট হয়। এখন সোলার প্যানেল হওয়ায় বিদ্যুৎ না থাকলেও কিছুটা স্বস্তি মিলবে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে রোগীদের কিছুটা ভোগান্তি হচ্ছিল। ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন সোলার প্যানেল স্থাপনের ফলে ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সুবিধা হবে, এতে রোগীরা সরাসরি উপকৃত হবেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাসপাতাল পরিদর্শনের সময় দেখেছি বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের অনেক কষ্ট করতে হচ্ছে।  বিশেষ করে ভর্তি রোগীদের জন্য এটি বড় সমস্যা ছিল। তাদের কথা বিবেচনা করে জরুরিভিত্তিতে সোলার প্যানেল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।  স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের অন্য সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম