ডেপুটি স্পিকারের উদ্যোগে অসহায় পরিবারের হাতে অটোরিকশা প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৬ পিএম
ডেপুটি স্পিকারের উদ্যোগে অসহায় পরিবারের হাতে অটোরিকশা প্রদান
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার দুর্গাপুরে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাব চত্বরে দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে অসহায় আবুল কাশেমের হাতে ১টি নতুন অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।
অটোরিকশা গ্রহণকালে আবুল কাশেম জানান, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। হঠাৎ যেন আবুল কাশেমের সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। হঠাৎ জানতে পারেন- বড় ছেলে জামিরুল ইসলাম (২২) দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘ ৩ বছর চিকিৎসা করাতে জমানো টাকা শেষ করে ইতোমধ্যে জমি-বাড়িও বিক্রি করে ফেলেছেন তিনি। পরে সর্বস্বান্ত হয়ে আবুল কাশেম তার ছেলের অসুস্থতা এবং পিতা হিসেবে ছেলের চিকিৎসা না করাতে পারার অসহায়ত্বের কথা তুলে ধরেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে। আবুল কাশেমের কথা শুনে তার ছেলে জামিরুলের চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার কায়সার কামাল।
পরবর্তীতে চিকিৎসা শুরুর প্রাক্কালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জামিরুল ইসলাম। হঠাৎ মৃত্যুর সংবাদে আবুল কাশেমের পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে আসে। দাফন-কাফন শেষে সংসারের অন্য সদস্যদের নিয়ে দুই মুঠো ভাত খাবেন তার কোনো উপায় ছিল না তার। মৃত্যুর খবর শুনেই ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন- এই পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিবেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে আবুল কাশেমের হাতে আজ তুলে দেওয়া হলো একটি নতুন অটোরিকশা।
এ সময় পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই প্রতিপাদ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল যেভাবে মানবিক কাজগুলো করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখেন। নিজ অর্থায়নে তিনি সমাজের অসচ্ছল, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তা, অসহায়দের ঘর বিতরণ করে সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের যে আস্থা অর্জন করেছেন তা আর কোনো সংসদ সদস্যই করতে পারেননি।
এছাড়া সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় ডেপুটি স্পিকার এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার।
পরে আবুল কাশেমের পরিবারের হাতে একটি নতুন অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।
এ সময় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
