Logo
Logo
×
   

সারাদেশ

বিচারক দম্পতির বাসায় চুরি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম

বিচারক দম্পতির বাসায় চুরি

ছবি: সংগৃহীত

জামালপুরে জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দম্পতি হলেন- জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিন তলা বাসার তৃতীয় তলায় ৭ মাস ধরে ভাড়া থাকেন বিচারক আহমাদুল কবির সাকিল ও তার স্ত্রী নুসরাত জেরিন জেনি। মঙ্গলবার বিকালে তারা বাসা থেকে বের হন। বাসায় কেউ না থাকার সুযোগে জানালার গ্রিল কেটে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

বিচারক আহমাদুল কবির সাকিল বলেন, রাত ৮টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করি। কিন্তু তালা না খোলায় তালা নষ্ট হয়েছে ভেবে মিস্ত্রি ডেকে খোলার চেষ্টা করি। তবে তালা নষ্ট না থাকায় এবং দরজা খুলতে না পারায় সন্দেহ হয়, ভেতর থেকে দুর্বৃত্তরা দরজা আটকে রেখেছে। রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করি। এ সময় জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা, অন্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল। 

বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, তিন তলা বাড়িতে ৫টি ইউনিট রয়েছে। এই বাসায় প্রথম চুরির ঘটনা ঘটলো। বাসায় সিসিটিভি ক্যামেরা থাকলেও এখন তা কাজ করছে না। সম্ভবত দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা বিকল করে পরিকল্পিতভাবে চুরি করেছে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .