Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম

কুমিল্লায় মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

ফাইল ছবি।

কুমিল্লার দাউদকান্দিতে মাদক কেলেঙ্কারির ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান কর্মস্থল ত্যাগ করেন।  বুধবার (১ জুলাই) দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। 

এর আগে একই ঘটনায় থানার ওসি এমএ বারীকেও প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক শামসুল আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজার আগে ফায়ার সার্ভিসের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেদিন নাইট ডিউটিতে কর্তব্যরত ছিলেন থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে এ দুই পুলিশ কর্মকর্তা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তিন মাদক কারবারির কাছে ধাপে ধাপে মাদকগুলো বিক্রি করে দেওয়া হয়। 

অভিযোগ রয়েছে, ওই দুই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলো বিক্রি করে দেওয়ার পর ৩০ হাজার টাকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

দাউদকান্দি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) শামসুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানার এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানকে প্রত্যাহার করেছেন। থানা থেকে তাদের সিসি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .