Logo
Logo
×
   

সারাদেশ

নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম

নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা

নোয়াখালীর হাতিয়ায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনায় আশ্রাফ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘর থেকে স্থানীয়রা তাকে এক নারীসহ আটক করেন।

বহিষ্কৃত আশ্রাফ উদ্দিন হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের  সভাপতি। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা ইসমাইল মাঝির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায়, যা সংগঠনের নীতিমালার পরিপন্থি, আশ্রাফ উদ্দিনকে নিঝুমদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি পদ ও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে তার সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশ্রাফ উদ্দিন নোয়াখালী সদর উপজেলার এক নারীকে নিয়ে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ল্যাংড়া তেমুনী এলাকার একটি ঘরে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই ঘরে গিয়ে তাদের বিবস্ত্র অবস্থায় আটক করেন। পরে তাদের ঘর থেকে বের করে সড়কে নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিয়ে যান।

হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছার আগেই সংশ্লিষ্টরা ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং স্থানীয়রাও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .