জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ জুলাই) কেন্দ্রের ৪২০২নং কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে চলমান এইচএসসি পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। তারা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হলেও পরীক্ষার শেষ দিকে এসে তারা বুঝতে পারেন যে, পরীক্ষার্থীদের হাতে চলতি বছরের পরিবর্তে ২০২৫ সালের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরে বিষয়টি দ্রুত কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
ঘটনার পর পরীক্ষাকেন্দ্রে সাময়িক বিভ্রান্তি দেখা দিলেও পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। তবে এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বলে জানা গেছে।
পরীক্ষার্থী জারিন রাফা জানান, কলেজ কর্তৃপক্ষ খুব সুন্দর করে সমাধান দিলেন আমাদের ফলাফল মূল্যায়নে কোনো সমস্যায় পড়তে হবে না, কিন্তু আমাদের একটা পরীক্ষার জন্য এ প্লাস কেটে যেতে পারে। এ দায়দায়িত্ব কি কলেজ কর্তৃপক্ষ নেবে?
ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা।
কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী মীর জানান, ৪২০২নং কক্ষের জন্য যে ৫টি বান্ডেল খোলা হয় সেসবের প্রতিটি বান্ডেলের ওপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা থাকলেও প্যাকেটের ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরু আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ করে পরীক্ষা নিয়ে নেয়।
তিনি বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিক আমরা শিক্ষা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে বলা হয়েছে যে, সেই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে। তাদের উত্তরপত্রগুলো নমনীয়ভাবে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে।

