Logo
Logo
×
   

সারাদেশ

হারের পর ব্রাজিলের পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থক

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

হারের পর ব্রাজিলের পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থক

হারের পর ব্রাজিলের পতাকা খুলে নিলেন আর্জেন্টিনার সমর্থক

নরওয়ের সঙ্গে ব্রাজিলের পরাজয়ের পর দেশটির পতাকা খুলে নিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। সোমবার দুপুরে পটুয়াখালীর বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন আচরণকে ক্রীড়াসুলভ মনোভাবের পরিপন্থি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবের আমেজে গোলাবাড়ি এলাকার বাসিন্দা ও ব্রাজিল সমর্থক তুহিন নিজ উদ্যোগে বেইলি ব্রিজের দুই পাশে অর্ধশতাধিক ব্রাজিলের পতাকা টাঙিয়েছিলেন। খেলা চলাকালে ব্রিজের দুই পাশজুড়ে উড়তে থাকা পতাকাগুলো পথচারীদের নজর কাড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ভিন্নমাত্রার উৎসবের আবহ তৈরি করে; কিন্তু  ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরদিন দুপুরে এক আর্জেন্টিনা সমর্থক এসে একে একে সব পতাকা খুলে নিয়ে যান। 

এ ঘটনাকে ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থি হিসেবে দেখছেন স্থানীয়রা। এমনকি অনেক আর্জেন্টিনা সমর্থকও বিষয়টিকে সমর্থন করেননি।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থক রাসেল বলেন, খেলার মাঠে হার-জিত থাকবেই, এটাই স্বাভাবিক; কিন্তু প্রতিপক্ষ দল হেরে গেছে বলে তাদের পতাকা খুলে ফেলা কোনো সুস্থ ক্রীড়ামোদীর কাজ হতে পারে না। এ ধরনের খামখেয়ালি আচরণে আর্জেন্টিনা সমর্থকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও যার উদ্যোগে পতাকাগুলো টাঙানো হয়েছিল সেই ব্রাজিল সমর্থক তুহিনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .