Logo
Logo
×
   

সারাদেশ

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বগুড়ায়

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বগুড়ায়

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বগুড়ায়

বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পিজিসিএল সূত্র জানায়, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এ কাজের অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপ লাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং কাজ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাই-ইন কাজটি বগুড়া ডিআরএসের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় নির্ধারিত সময়জুড়ে পুরো বগুড়ায় গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ থাকবে। এতে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হবেন।

এছাড়া বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিএল, জিটিসিএল এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে টাই-ইন কাজ করা হবে।

পিজিসিএল জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এসএম তারিকুল ইসলাম। তিনি কাজটি সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম