Logo
Logo
×
   

সারাদেশ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় যুবক

আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ ওসির

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ ওসির

সুধারাম থানা। ফাইল ছবি

চলমান বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে গেছেন এক যুবক। এ ঘটনা আমাদের দেশে না হওয়ায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওসি। 

বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন তিনি।

ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন মো. রাকিব (২২) নামের ওই যুবক।

রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। 

রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও কয়েকজনের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন বলে তার প্রিয় মিসর পরাজিত হয়েছে। 

তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রাকিব জানান, আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখার পর থেকে তিনি ও তার অভিযোগের সাক্ষীরা চরমভাবে ভেঙে পড়েছেন। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি। তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করবেন।

সুধারাম থানার ওসি বলেন, এক ব্যক্তি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের খেলার রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে জিডি করতে আসেন। এ প্রসঙ্গে তাকে বুঝানো হয়, এ ঘটনার প্লেস অফ অকারেন্স (পিও) এখানে না। এমনকি এদেশেও নয়, তাই এখানে জিডি গ্রহণ করা যাবে না। তারপরও সে যদি আইনি ব্যবস্থা নিতে চায়, তাহলে ফিফার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে পারে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম