Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. দ্বীন ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে, স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করে।

বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ (বৃহস্পতিবার) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার দ্বীন ইসলাম উপজেলার কোরবানপুর ইউনিয়নের খোশঘর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ষাইটশালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৮ জুলাই) বিকাল ৪টার দিকে অভিযুক্ত দ্বীন ইসলাম ভুক্তভোগী ওই শিশুকে ফুসলিয়ে বাড়ির পাশে জঙ্গলে অবস্থিত কাউছার মিয়ার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে হাতেনাতে দ্বীন ইসলামকে আটক করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। 

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে হেফাজতে নেয়। 

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেফাজতে নেওয়ার পর ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম