বাসায় খেলতে আসা পাঁচ বছরের শিশুকে ধর্ষণ
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে বাসায় খেলতে আসা পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে আটক করে ওই কিশোরকে পুলিশে সোপর্দ করছেন এলাকাবাসী।
বুধবার সকালে পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়রা বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চণ্ডিবের মধ্যপাড়া এলাকার ওমর খান সরণি এলাকায় পরিবারের সঙ্গে ওই কিশোর ও শিশু পাশাপাশি বাড়িতে ভাড়া থাকে। বুধবার সকালে শিশুটি অভিযুক্ত কিশোরের ভাইয়ের সঙ্গে খেলতে তাদের বাসায় যায়। এ সময় বাসায় কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে আটক করে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে শিশুটির মা বলেন, আমরা একই এলাকায় ভাড়া হিসেবে বসবাস করি। অভিযুক্ত কিশোরের ভাইয়ের সঙ্গে আমার মেয়ে প্রায় সময় খেলতে যায়। বুধবার সকালে খেলতে গেলে ওই কিশোর আমার মেয়েকে ধর্ষণ করেছে।
ভৈরব থানার ওসি লিমন বোস সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
