Logo
Logo
×
   

সারাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলায় গ্রেফতার ৮

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলায় গ্রেফতার ৮

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলায় গ্রেফতার ৮

চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রদানকারী একটি অফিসে হামলার ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার নগরী ও জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তবে মূল হোতা ২ কোটি টাকা চাঁদা দাবিকারী শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ।

বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি বলেন, স্থানীয় সোর্সের মাধ্যমে হামলাকারীদের তথ্য নিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৮ জন হলেন- মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

এর মধ্যে ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানবপাচারসহ ৫টি এবং ইমরানের রুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ এক ডজন মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোমবার নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ২৫-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তছনছ করে। ওই প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ৩৫ লাখ টাকাও লুট করে সন্ত্রাসীরা।

পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন ওই প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনকে ফোন করে এককালীন ২ কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এজন্য দুই দিন সময়ও বেঁধে দেয় ইমন। বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার পরই সোমবার ইন্টারনেট প্রতিষ্ঠানটিতে হামলা ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .