Logo
Logo
×
   

সারাদেশ

একই ঘটনায় দুই জেলায় মামলা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

একই ঘটনায় দুই জেলায় মামলা

গাজীপুরে আর্থিক বিরোধের জের ধরে ব্যবসায়ী মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গাজীপুর ও নেত্রকোনায় তিনটি ‘চেক ডিজঅনার’ মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনা সদর আমলি আদালতে দায়ের করা আলোচিত দুটি মামলার নম্বর ১২১৪(১)/২০২৫ ও ১২১৮(১)/২০২৫ এবং গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এর মামলা নং-৭৯৫/২৫।

ভুক্তভোগীর অভিযোগ, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কনস্টেবল ও বর্তমানে ডিএমপি উত্তরা জোনের সিটি এসবিতে কর্মরত শাহীন নূর আলম নিজেকে আড়াল করতে তার তিন ভাইকে বাদী সাজিয়ে মামলাগুলো করিয়েছেন।

ভুক্তভোগী মামুন জানান, কনস্টেবল শাহীনের কাছ থেকে সুদের ভিত্তিতে নেওয়া অর্থের জামানত হিসেবে তিনি ফাঁকা চেক দিয়েছিলেন। পরে এসব চেকে মনগড়া তথ্য বসিয়ে মামলা করা হয়েছে।

তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে আর্থিক হয়রানি করে আসছে। আমাদের কাছে তাদের এই কর্মকাণ্ডের অতীতের রেকর্ড ও প্রাসঙ্গিক নথিপত্র সংরক্ষিত রয়েছে।

এর আগে কনস্টেবল শাহীন ও তার ভাইদের বিরুদ্ধে মামুন একটি হামলার মামলা করেন। ওই মামলার আরজিতে অনিচ্ছাবশত একটি তারিখ ভুল হওয়ার সুযোগ নিয়ে অভিযুক্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার আরজিতে তারিখের ভুল থাকলেই ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয় না; মূলত তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। পিবিআইয়ের চলমান তদন্তে অভিযুক্তদের প্রতারণার বিষয়টি নথিপত্রসহ ইতোমধ্যে তদন্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তোফাজ্জল হোসেন বলেন, চেক ডিজঅনার মামলার ক্ষেত্রে আইনের সুযোগ থাকলেও একই ঘটনার বিপরীতে ভিন্ন ভিন্ন জেলায় মামলা দায়ের করা মূলত বিবাদীকে আইনি চাপে ফেলার একটি কৌশল। মামলার নথিতে অসঙ্গতি থাকলে তা আদালতের পর্যবেক্ষণে গুরুত্বসহকারে দেখা হয়।

এসব অভিযোগ অস্বীকার করেছেন কনস্টেবল শাহীন নূর আলম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .