হাতিয়ার নিঝুপ দ্বীপে অস্বাভাবিক জোয়ার
জলাবদ্ধ ঘরেই ছটফট করে প্রসূতির মৃত্যু
নোয়াখালী (উত্তর) ও হাতিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হাতিয়ার নিঝুম দ্বীপে অস্বাভাবিক জোয়ারে ঘরে আটকে থেকে প্রসববেদনায় ছটফট করতে করতে নাজমা আক্তার (৩০) নামে প্রসূতির মৃত্যু হয়েছে। চারদিকে পানি থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বুধবার দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা ওই গ্রামের শাহজাহানের বাড়ির বাসিন্দা মো. হক সাবের স্ত্রী।
জানা যায়, উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলছে। সকালে অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ইসলামপুর গ্রামের সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় সকালে নাজমা আক্তারের প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু যাতায়াতের একমাত্র নৌকাটি ভাঙা থাকায় এবং জলাবদ্ধতার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে ঘরেই প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে অনাগত নবজাতকসহ তার মৃত্যু হয়।
নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী বেগম বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতাল নেই। চিকিৎসার জন্য সবাইকে হাতিয়া পৌরসভা এলাকায় যেতে হয়। কিন্তু জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় নাজমাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এতে ঘরেই সন্তানসহ তার মৃত্যু হয়েছে। তার আগের দুটি সন্তান রয়েছে। ইউএনও রাসেল ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিঝুম দ্বীপে চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
