Logo
Logo
×
   

সারাদেশ

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ

বক্তব্য রাখছেন ফরহাদ হোসেন আজাদ ।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে।  জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে।

তিনি বলেন, বিভেদ সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ফরহাদ হোসেন সবাইকে বিভেদ ও দলাদলির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পঞ্চগড়ের পাঁচজন কৃতী সন্তান গত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানাই।

এর আগে পঞ্চগড় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .