রংপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রংপুর ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন করে দেশ গড়ার প্রত্যয় অর্জন করেছে। পারিবারিক ও সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো পরিস্থিতি পরিহার করে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, আন্দোলনে সম্পৃক্ত অনেককে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গেজেট পুনর্বহাল এবং স্বাস্থ্য কার্ড প্রদানসংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, রংপুরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এখনো দৃশ্যমান নয়। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে রংপুরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ড, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা যৌথভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
