Logo
Logo
×
   

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

বড়াইগ্রামে বিদ্যালয়ের তিন কর্মচারীর অবৈধ নিয়োগ বাতিল: প্রধান শিক্ষক বরখাস্ত

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

বড়াইগ্রামে বিদ্যালয়ের তিন কর্মচারীর অবৈধ নিয়োগ বাতিল: প্রধান শিক্ষক বরখাস্ত

নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে ভুয়া নিয়োগ বোর্ডের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত তিন কর্মচারীর নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষককে স্থায়ী বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। 

বুধবার (৫ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এর আগে দৈনিক যুগান্তর পত্রিকায় এ অবৈধ নিয়োগের বিষয়ে সংবাদ প্রচারের পর তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। 

ইউএনও ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুলসহ বিদ্যালয় পরিচালনা কমিটি পত্রিকায় দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তি দেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর নিয়োগ দিতে না পেরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই ব্যাকডেটে গায়েবি নিয়োগ বোর্ডের মাধ্যমে অফিস সহকারী হিসাবে নাজমুল হক, নিরাপত্তা কর্মী পদে জুবায়ের কাজী ও নৈশ প্রহরী পদে রুবেল হোসেনকে নিয়োগ দেন। পরে ২০২৫ সালের ৯ এপ্রিল তারা বিদ্যালয়ে যোগদান করলে বিষয়টি প্রকাশ হয়।

এ ব্যাপারে ২০২৫ সালের ৫ মে ‘বড়াইগ্রামে স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য’ শিরোনামে যুগান্তর ও যমুনা টেলিভিশন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এতে বলা হয়, ওই নিয়োগে কোনো বোর্ড হয়নি, কোনো পরীক্ষাও হয়নি। প্রায় ৪০ লাখ টাকা উৎকোচের বিনিময়ে তিন কর্মচারীর গায়েবি নিয়োগে ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতিসহ অনিয়মের বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়। 

প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন থেকে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের যথাযথ সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন জমা দেন তারা। তখন এডহক কমিটি প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন এবং অবৈধ নিয়োগপ্রাপ্তদের বিদ্যালয়ে আসা ও হাজিরা বন্ধ করে দেন। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর গত সোমবার (৩ আগস্ট) পরিচালনা কমিটির সভায় তিন কর্মচারীর নিয়োগ বাতিলসহ পূর্বে সাময়িক বরখাস্ত করা প্রধান শিক্ষক আনোয়ার হোসন বকুলকে চূড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়গুলো সংশ্লিষ্ট অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান ইউএনও। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .