Logo
Logo
×
   

সারাদেশ

স্কুলছাত্রীকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

স্কুলছাত্রীকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই উপজেলার মৌখাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

নিখোঁজের আট দিন পার হলেও মেয়েটি উদ্ধার না হওয়ায় গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা। অপহৃত কিশোরী স্থানীয় মৌখাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থীর মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা শাহীবাজার এলাকার বাসিন্দা মতিউর রহমান মিঠু (২৫) তার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে মিঠুর মা-বাবাকে জানানো হয়।

তার দাবি, গত ৩০ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তার মেয়েকে মতিউর রহমান মিঠু, তার বাবা শহিদুল ইসলাম (৪৮), মা মিনা বেগম (৪২) ও মামা উজ্জ্বল হোসেন (৩৫) কৌশলে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

তিনি বলেন, ঘটনার দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীর মায়ের অভিযোগ, গত রোববার তার শ্বশুর আরশেদ আলী অভিযুক্তদের বাড়িতে গেলে উজ্জ্বল হোসেন শিক্ষার্থীকে ফেরত দিতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো শিক্ষার্থীর কোনো খোঁজ মেলেনি। এতে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মতিউর রহমান মিঠুর মামা উজ্জ্বল হোসেন বলেন, আমার ভাগ্নেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি মৌখিকভাবে থানায় জানিয়েছি। তারা আমাদের বাড়িতে এসেছিলেন, তবে কোনো টাকা দাবি করা হয়নি।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .