পরিশোধিত জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে দেওয়া যাবে না
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রয় ও বিপণন কার্যক্রম বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন। জ্বালানির মতো স্পর্শকাতর একটি খাতকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে তা সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক হবে বলেও উল্লেখ করেছেন এই সংগঠনের নেতারা।
জ্বালানি খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের সর্বোচ্চ এই সংগঠন এ বিষয়ে বুধবার রাতে এক জরুরি সভার আয়োজন করে। সংগঠনের আগ্রাবাদে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভা থেকে সরকারকে এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান নেতারা।
সভায় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কায়ছার হামিদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে সরকারের মধ্যেই ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী কিছু কর্মকর্তা বেসরকারি পর্যায়ে পরিশোধিত তেল আমদানির সুযোগ করে দিতে চাইছে। এটা হলে দেশের মানুষ মুষ্টিমেয় কিছু ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে পড়বে। অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়ার কারণে ইতোপূর্বে কী ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও স্মরণ করিয়ে দেন তিনি। তাই পরিশোধিত জ্বালানি আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।
ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সুপারিশকে আমলে নিয়ে সরকার যেখানে শ্রমিকদের নায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে, শ্রমিক নেতাদের সুরক্ষাকে গুরুত্ব দিচ্ছে, সেখানে জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির সুবিধাবাদি একটি শ্রেণি শ্রমিকদের কোণঠাসা ও দুর্বল করতে নানা অযাচিত হস্তক্ষেপ করছে। শ্রম আইনের ১৮৭ ধারা জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের ক্ষেত্রে রহিত করার জন্য শ্রম মন্ত্রণালয়ে সুপারিশ করেছে। মূলত কুচক্রী মহলটি ঢালাওভাবে জ্বালানি খাতের শ্রমিক নেতাদের গায়ে কালিমা লেপনের মাধ্যমে কর্মচারীদের নায্য অধিকার আদায়ের পথ রুদ্ধ করে দিতে চায়। একই সঙ্গে অসাধু কর্মকর্তারা দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ইস্টার্ন রিফাইনারির সিবিএ সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, পদ্মা অয়েল কোম্পানি সিবিএ সভাপতি মো. জসিম উদ্দিন, ইস্টার্ন রিফাইনারি সিবিএ সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন, ফেডারেশনের অর্থ সম্পাদক হামিদুর রহমান, যমুনা সিবিএ যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির, পদ্মা সিবিএ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, এলপিজি'র সিবিএ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম, পদ্মা সিবিএ অর্থ সম্পাদক ইয়াহিয়া আহাদ প্রমুখ।
