Logo
Logo
×
   

সারাদেশ

৩ কোটি টাকার ইয়াবাসহ বাইকার গ্রুপের ৬ সদস্য গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

৩ কোটি টাকার ইয়াবাসহ বাইকার গ্রুপের ৬ সদস্য গ্রেফতার

ইয়াবা পরিবহণে এবার যুক্ত হয়েছে বাইকার গ্রুপ। একাধিক মোটরসাইকেল নিয়ে গ্রুপটি বাইকারের আড়ালে পাচার করছে ইয়াবা। এমন একটি গ্রুপের ৬ সদস্য ধরা পড়েছে র‌্যাবের হাতে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা।

বৃহস্পতিবার পটিয়া উপজেলার পটিয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বশির উদ্দিন, বেলাল উদ্দিন, নুরুল মোস্তফা, সাইফুল, হাসান ও হোসেন।  মাদক পাচারে তাদের ব্যবহৃত ৫টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানিয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তারা জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল ইয়াবা পরিবহণকারী বাইকারদের একটি গ্যাং মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছে। তাদের ধরতে র‌্যাবের একাধিক টিম মাঠে নামে। বাইকার গ্যাংয়ের সদস্যরা  প্রায় গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেলেও রুট পরিবর্তন করে বিকল্প পথ দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। র‌্যাবও তাদের অনুসরণ করতে থাকে। র‌্যাবের টিম শতভাগ নিশ্চিত হওয়ার পর পটিয়া সরকারি কলেজ গেটের সামনে মোটরসাইকেলগুলোকে থামায়। তাদের গাড়ি ও ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা একটি পেশাদার ও সংঘবদ্ধ ‘বাইকার গ্যাং’-এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কাজ করে আসছিল।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, ইয়াবা উদ্ধারের পটিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে আর কারা কারা জড়িত রয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .