|
ফলো করুন |
|
|---|---|
বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া পোড়া লাশটি পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর লিটুর স্ত্রী বেগম নাজমা।
লিটু বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। রাজনীতিতে অংশ নেওয়ার আগে তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর বরিশাল নগরীর কালীবাড়ি রোডে সাদিকের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন রাতে একটি কক্ষ থেকে আগুনে পুড়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মর্গে গিয়ে মঙ্গলবার তিনজনের মধ্যে নুর ইসলাম ও মঈন জমাদ্দারকে শনাক্ত করেছিলেন স্বজনরা। বাকি লাশটি শনাক্তে কোনো স্বজন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে না আসায় তা এতদিন নিশ্চিত হওয়া যায়নি।
