Logo
Logo
×
   

সারাদেশ

কৃষক মনির হত্যায় ১৩ জনের যাবজ্জীবন

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ এএম

কৃষক মনির হত্যায় ১৩ জনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মনির মিয়া নামে এক কৃষক হত্যা মামলায় ১৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই নিহতের নিকটাত্মীয়। 

বুধবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা সবাই উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে তাদের সবারই সাজা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মিরপাড়া গ্রামের রজব আলীর ছেলে মজিবুর রহমান ও তার ভাই হাবিবুর রহমান, মজিবুর রহমানের তিন ছেলে শামীম মিয়া, আরিফ, আমিনুল ও ভাতিজা রাশিদ, হাবিবুর রহমানের তিন ছেলে মুখলেছ, কামরুল ও রানা, রহমানের ছেলে ফাইজুল ও তার ছেলে মনির, হাবিল মিয়ার ছেলে শাহীন এবং ছয়ব আলীর ছেলে হাদিস মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জের ভাটিয়া-মিরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্যান্য আত্মীয়স্বজনের বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ২০২০ সালের ১০ এপ্রিল বিকাল ৪টার দিকে আসামিরা মনিরসহ তার সহযোগী অন্য দুজনকে ১৪-১৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হন। এর মধ্যে মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। 

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। 

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আলী আজগর আকন্দ শওকত এবং রাষ্ট্রপক্ষে ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দিন।

কিশোরগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .