Logo
Logo
×

সারাদেশ

হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশাচালককে হত্যা

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশাচালককে হত্যা

পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সাব্বির সিকদার (২৫) নামে এক রিকশাচালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামে এ পৈশাচিক ঘটনা ঘটে। 

শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। 

নিহত সাব্বির সিকদার পৌরসভার রায়েরকাঠি এলাকার হারুন সিকদারের ছেলে। সাব্বিরের ৫ বছর বয়সি একটি শিশুসন্তান রয়েছে। 

ঘটনার রাতে নিহতের বাড়ি থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাব্বিরকে হত্যা করে ওদনকাঠি গ্রামে একটি রাস্তার পাশে ফেলে রেখে যায়। হাতুড়ির আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান পুরোপুরি থেঁতলে গেছে। 

পরদিন সকালে স্থানীয়রা সাব্বিরের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেন। সদর থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের আলাদা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

নিহতের বাবা হারুন সিকদার জানান, বৃহস্পতিবার বিকালে নিজের ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির। এরপর সে রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে মোবাইলে ফোন করে। তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে তারা বিভিন্ন স্থানে সাব্বিরের খোঁজ করেও ব্যর্থ হয়। সকালে সাব্বিরের লাশ দেখে সেটি শনাক্ত করে। তবে ঘটনাস্থলে তার রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সাব্বিরের রিকশাটি নেওয়ার জন্য কিংবা মাদক সংক্রান্ত বিষয়ের জেরে সাব্বিরকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সাব্বির মাদক সেবন করত। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, এখন পর্যন্ত সাব্বিরকে হত্যার কারণ উদঘাটন করা যায়নি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

পিরোজপুর হাতুড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম