মুক্তিপণ নিয়েও ভাগ্নেকে শ্বাসরোধে হত্যা, মামা গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের উখিয়ায় মুক্তিপণ নেওয়ার পরও ভাগিনাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রোহিঙ্গা যুবক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের সাতকানিয়া থেকে ১৩ দিন ধরে নিখোঁজ কিশোর মোহাম্মদ আকরামের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আকরাম (১৩) উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. ইদ্রিসের ছেলে। অভিযুক্ত মামা কামাল হোসেন (২৫) ওই ক্যাম্পেরই মৃত আবুল কাসেমের ছেলে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, ঈদের ছুটিতে বেড়াতে এসে ৩ এপ্রিল ভাগিনাকে অপহরণ করেন কামাল। পরে কক্সবাজার লিংকরোড হয়ে চট্টগ্রামের কেরানীহাটে নিয়ে গিয়ে আটকে রাখেন এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিবার ২ লাখ ১৩ হাজার টাকা পাঠায়। তবে টাকা নেওয়ার পরও আকরামকে হত্যা করে কামাল। কারণ সে আশঙ্কা করেছিল, বাড়ি ফিরে ভাগিনা সব ফাঁস করে দেবে। জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করে সে।
মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, কামালের দেওয়া তথ্যে রসুলাবাদ গ্রামের একটি খালে কচুরিপানার নিচ থেকে ভিকটিমের গলিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আকরামের একজোড়া স্যান্ডেলও উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মাসে উখিয়া-টেকনাফে ৩৩৩ জন অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে হত্যা করা হয়েছে।
