Logo
Logo
×
   

সারাদেশ

তানভীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘববোয়ালের নাম বের হয়ে আসবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম

তানভীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে অনেক রাঘববোয়ালের নাম বের হয়ে আসবে

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বকরা। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনের তাদের অর্জনকে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতিরও সঙ্গেও সম্পৃক্ত। এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাহলে অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ কলেজের সামনে থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলার আয়োজিত বিক্ষোভে এসব কথা বলেন তিনি। 

আবু হানিফ বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ও তার দোসররা দেশে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের ক্ষেত্রে সরকারের অনীহা দেখা যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরই রুখে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ যে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এরচেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। 

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ বাংলাদেশে অন্যতম কৃষি প্রধান জেলা। এখানকার মানুষের বেশিরভাগই কৃষক। হাওর এলাকায় কৃষি আবাদ বেশি হয়। এখন ভরা মৌসুমে ধানের পর্যাপ্ত মূল্য না পেয়ে কৃষকরা হতাশ। ধান উৎপাদনের যে খরচ সেই তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসান হওয়ার আশঙ্কা বেশি। তাই সরকারের উচিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। সরকারের উদ্যোগে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা। এখানে যেন মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। 

জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ সামসুল আলম, যুব অধিকার পরিষদের সাধারণ আনাস মিয়া, করিমগঞ্জ পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব সালাউদ্দিন আইউবী প্রমুখ।

আবু হানিফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .