|
ফলো করুন |
|
|---|---|
নিজ কর্মস্থলে মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস মারা গেছেন। বুধবার সকালে নিজ অফিসে অসুস্থ হয়ে পড়লে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অনামিকা দাস (৩৫) ২০১৯ সালের ২৯ আগস্ট থেকে মাগুরাতে জেলা ক্রীড়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সভা চলাকালে অসুস্থ হয়ে পড়েন অনামিকা দাস। এ ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা স্বাভাবিক হলে দুই বছরের শিশু আয়ুষ্মান জ্বরে আক্রান্ত থাকায় তিনি শহরের নতুন বাজারের ভাড়া বাসায় ফিরে যান।
বুধবার সকালে নিজ অফিসে গিয়ে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
অনামিকা দাস রাজবাড়ী জেলার বানিয়াবহু গ্রামের নির্মল দাসের মেয়ে। তার স্বামী কৌশিক দাস খুলনায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন।
এ ঘটনায় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদাসহ জেলা ক্রীড়া সংস্থার নেতারা এবং জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন খেলোয়াড়রা শোক প্রকাশ করেছেন।
